অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সম্পূর্ণা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সম্পূর্ণা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৬ জুলাই, ২০২০

বিপন্নতা




বিপন্নতা
=============================
সম্পূর্ণা
=============================

যে জাহাজের মাস্তুলে লেখা ছিল ভয়
সে সমুদ্র কখনও জাহাজ ভাসেনি ডোবেনি
হালকা থেকে গাঢ় নীলে এ প্রান্ত থেকে ও প্রান্তে দৃশ্যের অপর্যাপ্ত আসা যাওয়া
মৃত্যুর খুলে রাখা মুকুট দৈবাৎ নজরে আসে
প্রবাহমান সবকিছুই ভীষণ প্রেডিক্টেবল দিনের ওপর
মাথা চারা দিয়ে উঠেছে ভেঙে যাওয়া সভ্যতার প্রাচীন কারুশিল্প
সময়ের কখনও পেছনে তাকানোর মতো উপায় ছিলনা
যা কিছু পিঠে থাকে, যেমন ভুল চোখ, অনাবিষ্কৃত দৃষ্টি, অথবা অন্যায়ের নিম্নগামী কৌশল
হাতের ফাঁকে লেগে থাকা ঝুরঝুরে বালিতে বহু আগের সহজ মন
মুহূর্তের ঢেউ, চোরাবালির হাতছানিতে আরও বেশি ডুবে যাওয়া
হাসতে হাসতে চলে যাওয়া রাস্তার পাশে ল্যান্ডমার্কহীন সরাইখানা
নাম লেখা খাতায় অতিথি অভ্যাগত। খালি বন্দরও যেন রাজনৈতিক শ্রমজীবী!
পৃথিবীর সীমান্তে তখনও দাঁড়িয়ে কোনো মধ্যবয়স্ক পিতা
অন্ধ শিশুকে জড়িয়ে পাহাড়ে, মরুভূমিতে, খোলা মাঠে
রাত্রির মতো ঢেউয়ে তুফানের আকাশ ছবি...!



শনিবার, ৩০ মে, ২০২০

স্মৃতিরহিত

স্মৃতিরহিত
===============
সম্পূর্ণা
===============

হৃদপিণ্ডের মধ্যে ঠোঁট ডুবিয়ে মাছরাঙা
তীক্ষ্ণ কোণে কয়েক বিন্দু ইচ্ছেদাগ
গাঢ় হওয়া স্বপ্নে উঠে আসে অপলক দৃষ্টি
ডানার ঝাপটায় খসে যায় বিরহ পালক!
যতোটা পাথরের রোদে বসলে সন্ধ্যে হওয়া যায়-
ততোটাই ছায়া হয়ে আছি।
যতোটা আঁধার জমালে জোনাকি আলো আনে
ততোটাই রাত ছুঁয়ে গেছি।
ওদিকে যেওনা! কতো রাত চাঁদে ভেসে গেছে
পথ বরাবর দীর্ঘ পাহাড় শুধুই প্রমাণে দাঁড়িয়ে
যোগ্যতার প্রবাহমানতা ন্যুড আকাশের ক্যাম্পে
সময় শুধুই চেয়েছে যুদ্ধ প্রতি আমি তুমিতে!
অনেকগুলো যন্ত্রণা প্রেমের মতো হয়
অথচ প্রেম কোনো দুঃখের মতো নয়!
এসো রুগ্ন পৃথিবী, তোমায় ভালোবাসতে শেখাই
তোমার মৃত্যুদের আদরে আদরে নির্লিপ্ত করে যাই...।